কক্সবাজারে নির্মাণাধীন একটি হোটেল ভবন থেকে রড পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব (২৫) চকরিয়া উপজেলার সদর ইউনিয়নের চরতাকান্ডা এলাকার নুরুল আলমের ছেলে। আহতরা হলেন ওই এলাকার নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩০) ও আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ দিদার (২০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বিকাল ৩টার দিকে নির্মাণাধীন হোটেল রেডিসনের নিচ তলায় তালেবসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপর থেকে একটি রড পড়লে তারা আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন।
