২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমান অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি।
এই আয় আসবে মূলত আয়কর, ভ্যাট, আমদানি ও রফতানি শুল্ক থেকে। রাজস্ব আয়ের এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও এনবিআর দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রা কিছুটা উচ্চাভিলাষী হলেও তা অর্জন করার মত জনবল ও সক্ষমতা এনবিআরের রয়েছে। আশা করি আগামী অর্থবছরে এনবিআর তার দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।’
এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে ৭ হাজার ২৫০ কোটি এবং করবহির্ভূত খাত থেকে ৩২ হাজার ৩৫০ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। ঘাটতি ধরা হয়েছে ৯৭হাজার ৮৫৩ কোটি টাকা। এই ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে।
