আধা-সরকারি এবং বেসরকারি খাতে কর্মরতদের জন্য পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য দেওয়া বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এ সময় অর্থমন্ত্রী বলেন,'আধা-সরকারি ও ব্যক্তিখাতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মজীবিসহ সকল স্তরের জনগোষ্ঠীর জন্য সরকার নিয়ন্ত্রিত একটি সমন্বিত কাঠামোর আওতায় সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছি।'
'ডিপিএস ব্যবস্থা যেভাবে বেসরকারি খাতে একটি পেনশন সুযোগ করে দিয়েছে' উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'এখন এটাকে সার্বজনীন করার জন্য কি ব্যবস্থা নেয়া যায় সেটিই হবে নতুন পরিকল্পনার ভিত্তি। এ ব্যবস্থায় একদিকে যেমন প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের আর্থিক খাতের গভীরতা নিশ্চিতসহ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাহিদা পূরণে সহায়ক তহবিল সৃষ্টি করবে।'
এছাড়া, এই ব্যবস্থার আওতায় প্রবীণ এবং শ্রমজীবী জনগোষ্ঠী উপকৃত হবেন বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।
