অবিশ্বাস্য হলেও সত্য নির্মাণ কাজ শুরুর পর ১৪ বছর অতিবাহিত হলেও ভোলায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। ২০০৪-০৫ অর্থবছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ভোলা গণপূর্ত বিভাগ ভোলা কালেক্টরেট ভবন কম্পাউন্ডে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ শুরু করে। ভোলার তত্কালীন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান ২০০৫ সালের ৯ জুন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সময় শহীদ মুক্তিযোদ্ধাদের নামসম্বলিত পাথর লাগানোর সময় সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আপত্তি করলে নির্মাণ কাজ বন্ধ করা হয়। পরবর্তীতে সংশোধিত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেটে প্রকাশিত হলেও ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা ২৬ মার্চের মধ্যে পাওয়া যাবে। তালিকা পাওয়ার পর স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্নের উদ্যোগ নেয়া হবে। ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাইম খান জানান, ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত সঠিক তালিকা পেলে রক্ষণাবেক্ষণ খাতের অর্থ দিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন করে দেয়া হবে।
