অর্থমন্ত্রীর ‘দশম’ বাজেট ঘোষণায় সংসদ সদস্যদের উদযাপন

আপডেট : ০২ জুন ২০১৬, ২১:৫১
২০১৬-১৭ অর্থবছরের বাজেটসহ রেকর্ড দশমবারের মতো বাজেট ঘোষণা করেছেন আবুল মাল আব্দুল মুহিত। বাজেট ঘোষণার পরে বিশেষ এই মাইলফলক অর্জনের দিনে মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে বিশেষ ভঙ্গিমায় ছবি তুলেছেন।
 
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বাজেট ঘোষণার পরে অর্থমন্ত্রী হাসিমুখে বসে আছেন। আর তাকে ঘিরে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য। ছবিতে দেখা যায় তারা দুই হাতের দশ আঙ্গুল প্রদর্শন করে মুহিতকে অভিনন্দিত করছেন। আইসিটি প্রতিমন্ত্রী পলক তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে ক্যাপশন লিখেন, ১০ম বারের মত বাজেট পেশ করার পর আমাদের সফল মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহোদয়ের সাথে। 
 
উল্লেখ্য, নতুন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটটিসহ আমি এ দেশের মোট ১০টি বাজেট উপস্থাপন করছি, যা ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত খুশি ও গৌরবের বিষয়। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময়ে আটটি বাজেট উপস্থাপন করেছেন তিনি। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের অর্থমন্ত্রী থাকার সময়ে দুটি বাজেট উপস্থাপন করেছিলেন তিনি।