সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০২ জুন ২০১৬, ২২:১৬
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় টিকরপাড়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর তিন অটোরিকশা যাত্রী।
 
পুলিশ জানায়, বুধবার রাতে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী সিএনজি চালিত অটোরিকশার (সিলেট-থ ১১-৫৭৬৮) সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে (সিলেট-অ ১১-১১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তিনি সদর উপজেলার সোনাতলা গ্রামের জাফর মিয়ার ছেলে।
 
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া, বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।