ওয়ানপ্লাস থ্রি : অপেক্ষার অবসান ১৪ জুন

আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:০৬
বর্তমানে স্মার্টফোনের বাজার বিপুল প্রতিযোগিতাপূর্ণ। স্যামসাং, গুগল, অ্যাপল, এইচটিসির মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এই প্রতিযোগিতায় শামিল হচ্ছে নতুন নতুন অনেক প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে প্রয়োজনীয় সব চেষ্টাই করে যাচ্ছে এসব প্রতিষ্ঠানও। এমনই এক প্রতিষ্ঠান ওয়ানপ্লাস।
 
২০১৩ সালে যাত্রা শুরু করা ওয়ানপ্লাস বর্তমানে স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানপ্লাস এরই মধ্যে চীন, ভারত, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি করে বেশ সাড়া জাগিয়েছে।
 
নিজেদের এই জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করতে 'ওয়ানপ্লাস থ্রি' স্মার্টফোন আনতে যাচ্ছে ওয়ানপ্লাস। ফোনটি বাজারে আসার আগেই বেশ উন্মাদনা তৈরি হয়েছে। ১৪ জুন নতুন ফোনটি উন্মোচন করবে চীনা প্রতিষ্ঠানটি।
 
ওয়ানপ্লাস এবার তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে খানিক রদবদল এনেছে। এতদিন অন্য কোনও ওয়ানপ্লাস স্মার্টফোন ব্যবহারকারীর ‘ইনভিটেশন’ ছাড়া অনলাইনে ওয়ানপ্লাসের ফোন কেনার আবেদন জানানো যেত না। কিন্তু এবার যে কেউ চাইলেই ই-কমার্স সাইট থেকে নতুন ফোনটি কিনতে পারবেন বলে জানিয়েছেন ওয়ানপ্লাস-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই।
 
ওয়ানপ্লাস থ্রি মডেলটির বিশেষত্ব সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা না গেলেও অনুমান করা যায়, নতুন ফোনের ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চির। স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। মার্শম্যালো ৬ আপডেট, ৩২ ও ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ ক্যাপসিটি বিশিষ্ট নতুন ফোনটির দাম কত হতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্র- এনডিটিভি।