বেতাগীতে জেলে পরিবারে দুর্দিন এখনো সহায়তা মেলেনি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৩

বেতাগী (বরগুনা):উপকূলীয় এ এলাকার নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর ১ নভেম্বর থেকে টানা আট মাসের নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন, বিক্রির ওপর সরকারের এই নিষেধাজ্ঞা চালু থাকবে। এ সময় জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার কথা। কিন্তু চার মাস অতিবাহিত হলেও জেলে পরিবারগুলো খাদ্য সহায়তা পায়নি। ফলে জেলে পরিবারগুলোতে দুর্দিন চলছে। বেতাগী পৌর এলাকার জেলে মোঃ সোহরাব হোসেন বলেন, মাছ ধরেই আমাদের পরিবারের ভরণ-পোষণ চলে। কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারি কোনো খাদ্য সহায়তা পাইনি। পরিবারের ভরণ-পোষণ চালাতে তিনি মাটিকাটা শ্রমিকের কাজ করছেন। বরগুনা জেলা মত্স্য কর্মকর্তা সরকার মহিউদ্দিন বলেন, জাটকা নিধন বন্ধের সময় জেলেদের সরকারি খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান জানান, জেলেদের সরকারি খাদ্য সহায়তার জন্য ইতোমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। জেলেদের হালনাগাদ তালিকা যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের খাদ্য সহায়তা বিতরণ করা হবে।