শাস্তি হিসেবে বনে ছেড়ে দিয়ে আসা বাবা-মায়ের সেই জাপানি শিশুকে পাঁচদিন পর খুঁজে পাওয়া গেছে। হোক্কাইডোর উত্তরে শিকাবে এলাকার একটি সেনা ব্যারাক থেকে ইয়ামাতো তানুকা নামের ওই শিশুটিকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। খবর বিবিসি’র।
গত শনিবার ইয়ামাতো তানুকার বাবা-মা শাস্তি হিসেবে তাকে পাঁচ মিনিটের জন্য জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। কিছুক্ষণ পর প্রায় ৫০০ মিটার পথ ঘুরে এসে দেখেন তানুকাকে খুঁজে পাননি তারা।
বাবা-মা পুলিশকে প্রথমে বলেছিলেন, ইয়ামাতোকে নিয়ে জঙ্গলে সবজির খোঁজে গিয়েছিলেন তারা। এক পর্যায়ে সে হারিয়ে যায়। জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত তারা স্বীকার করেন, পাথর ছোঁড়ায় শাস্তি হিসেবে তাকে জঙ্গলে ছেড়ে আসা হয়েছিল। এ ঘটনার পর শতাধিক উদ্ধারকর্মী জঙ্গলে তল্লাশি অভিযান চালাতে শুরু করে।
উদ্ধারকারীদের টিমের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছে সেনাবাহিনীর সেল্ফ ডিফেন্স ফোর্স ইউনিট (এসডিএফ)। এর এক সদস্য জানান, যে জায়গায় ইয়ামাতোকে ছেড়ে আসা হয়েছিল, তার থেকে ৪ কিলোমিটার দূরে এসডিএফের ঘাঁটির একটি ভবন থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় তাকে উদ্ধার করা হয়।IMG0
তিনি বলেন, আমাদের এক সেনা প্যারেডের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাঁটির একটি ভবনের দরজা খুলে শিশুটিকে দেখতে পায়। এসময় ওই সেনা শিশুটিকে প্রশ্ন করে, তুমি কি ইয়ামাতো? ছেলেটি এর উত্তরে হ্যা বলে এবং জানায় সে ক্ষুধার্ত। পরে সেনাটি তাকে পানি, রুটি ও ভাত থেতে দেয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারের পর শিশুটির বাবা তাকাইয়ুকি তানুকা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা বাড়াবাড়ি করেছি। আমার কঠোর আচরণ আমার সন্তানকে যন্ত্রণাদায়ক সময় কাটাতে বাধ্য করেছে। এর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।IMG1
এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনার কারণে তাদের শাস্তির মুখে পড়তে হবে।
