সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৬, ১১:৪৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুরুন নবী (২৫) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মফিজ মিয়ার ছেলে।
 
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুমিরার কেএসআরএম কারখানায় এ ঘটনা ঘটে। তবে তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়ে জানা যায়নি।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, রাতে ওই কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নবী। সহকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে নবীকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।