মনোহরদীতে বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ

আপডেট : ০৩ জুন ২০১৬, ১২:০৩
নরসিংদীর মনোহরদীর ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (৪জুন)। ৬ষ্ঠ ধাপের শেষ পর্যায়ে এ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উৎসবমুখর প্রচারণায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ। ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ৯জন হলেও তাদের বিপরীতে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র রয়েছে ১১জন। ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিদ্রোহী ও সাবেক চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে ত্রিমুখী লড়াই। নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারাভিযান ও উৎসবমুখর পরিবেশ। 
 
নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগের অনুসারী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দলের মূল প্রার্থীদের প্রতিপক্ষ হয়েছেন। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। গ্রামের হাটবাজার, দোকানপাটসহ সর্বত্র এখন প্রার্থীদের নিয়ে চলছে সাধারণ ভোটারদের আলোচনা। কাচিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামসুন নাহার ভূইয়া এমিলি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ও কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোবারক হোসেন খান কনক (আনারস) ও বর্তমান চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান রহিম চশমা প্রতীক নিয়ে নির্বাচনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।