ভাঙ্গায় একরাতে ৬ বাড়িতে ডাকাতি, আহত ২

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৫:০৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে ছয় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, ডাকাতদল এ সব বাড়ি থেকে নগদ পাঁচ লক্ষ টাকা, ২০ ভরি স্বর্ণ, ১০টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল পালানোর সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে সাউতিকান্দা গ্রামের মোহাম্মদ সেক ও মওলাদাৎ সেক আহত হন।
 
ডাকাতির শিকার পরিবারগুলো জানায়, ২০/২৫ জনের অন্ত্রধারী ডাকাতদল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নেয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি কিন্তু এখনো কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’