আগামীকাল শনিবার নোয়াখালীর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এদিকে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কমিশন।
শুক্রবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, '১০টি ইউনিয়নের সব কয়টি ভোটকেন্দ্রে ব্যালট, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে বিতরণ করা হয়েছে।'
তিনি আরো জানান, 'নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।'
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৮ জন চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা পদে ১০২ ও সাধারণ পদে ৫৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালী, ধর্মপুর এবং নোয়ান্নই এই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার ছয়শ' নয় জন।
