দেশের প্রতিবন্ধী যুবকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে যোগ্য করে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। এছাড়াও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামীকাল শনিবার সকাল ৯টায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যুবাদের নিয়ে আইটি প্রতিযোগিতার আয়োজন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করবেন।
প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আর এ কারনেই তাদের তথ্য ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।'
'বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তথ্য প্রযুক্তি চর্চার সম্প্রসারণ এবং তাদের সক্ষমতা উন্নয়নে আইটি প্রতিযোগিতা সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে পারে' উল্লেখ করে পলক বলেন, 'এ আইটি প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তথ্যপ্রযুক্তি শেখার এবং দক্ষতা বৃদ্ধিও প্রবণতা বৃদ্ধি পাবে। তাদের স্কুল বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিষ্ঠান এবং পারিবারিক পর্যায়ে তথ্য প্রযুক্তি আহরণ করা এবং তা আয়ত্ব করার প্রবণতাও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।'
আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৯ বছর বয়সী যুবকদের চারটি গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপগুলো হলো, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরোডিজঅর্ডার ও অটিজম প্রতিবন্ধী। এ প্রতিযোগিতায় চারটি বিষয় মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট বিষয়ে প্রশ্ন সমাধান করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে এ জন্য কম্পিউটারে বসে হাতে-কলমে কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের সমাধান শেষ করতে হবে।
এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের নিয়ে আগামী নভেম্বর মাসে চীনে অনুষ্ঠেয় গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ ডিসএ্যাবিলিটিস (জিআইটিসি) এ অংশগ্রহণের জন্য দল গঠন করা হবে। ২০১৫ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ সদস্যেও একটি প্রতিনিধিদল অংশ নিয়েছিল। এশিয়া মহাদেশের দেশগুলোর জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে কোরিয়া সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ পারসনস উইথ ডিসএ্যাবিলিস (কেএসআরপিডি)।
