কেনিয়ায় শরণার্থী শিবির বন্ধ করার বিরুদ্ধে সোমালিয়া

আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:৫০
কেনিয়ায় বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির বন্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে দেশটির সরকারকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সোমালি রাষ্ট্রদূত। এসময় পরিকল্পনাটি পুনরায় বিবেচনা করার আহ্বান জানান তিনি। কেনিয়ার অভিযোগ শরণার্থী শিবিরটি আল শাবাবের ঘাঁটিতে পরিণত হয়েছে।
 
গত বৃহস্পতিবার এক সাক্ষাতকারে কেনিয়ার সরকারকে সতর্ক করে রাষ্ট্রদূত আহমেদ আওয়াদ বলেন, নভেম্বরের মধ্যে দাদাব শরণার্থী শিবির বন্ধের ঘোষণা ‘যৌক্তিকভাবে অবাস্তব’। শরণার্থীদের ২৫ বছর পর পুনরায় সোমালিয়ায় পাঠানোর সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করবে। তিনি বলেন, আমি মনে করি, দীর্ঘ সময়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আজ অনেক কাছাকাছি এসেছে। আমরা চাই না এই ইস্যুতে সেটি ভেস্তে যাক।
IMG0
রাষ্ট্রদূতের হুমকির প্রতিক্রিয়ায় কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার অভিযোগ আমরা অস্বীকার করছি। আমাদের সাথে স্থানীয় প্রশাসনের কথা হয়েছে। কিসমায়ো এলাকায় এক একর জমিতে তাদের স্থান সংকুলান করা হবে। এই শিবিরের মধ্যে আরো পাঁচটি শিবির রয়েছে, যেখানে মোট ৩ লাখ ৪০ হাজার জনের বাস। তাদের বেশিরভাগই সোমালিয়ার নাগরিক। ১৯৯১ সালে শিবিরটি খোলা হয়। গৃহযুদ্ধের কারণে তারা দেশত্যাগ করেছিল। এদিকে কেনীয় সরকার আরো জানিয়েছে, শিবিরটি আল-শাবাব সশস্ত্র গ্রুপের আস্তানায় পরিণত হয়েছে এবং তা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলছে। সূত্র: আল জাজিরা