নড়াইলে ফল কেনাকে কেন্দ্র করে যুবক খুন

আপডেট : ০৩ জুন ২০১৬, ২১:৩৬
নড়াইলের তুলারামপুর বাজারে একটি ফল ক্রয়কে কেন্দ্র করে মুসা মোল্যা (২৫) নামের এক যুবক খুন হয়েছে। নিহত মুসা সদর উপজেলার তুলারামপুর দক্ষিণ পাড়ার সাইদ মোল্যার পূত্র।
 
শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী হত্যার অভিযোগে হিরক সিকদারের ভাই সোহাগকে গনধোলাই দেয় এবং হিরকের বাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে তুলারামপুর হাটপাড়া এলাকার হিরক সিকদারের  ১০ বছরের শিশু পূত্র তুলারামপুর বাজারের আহাদ মোল্যার পূত্র ফল বিক্রেতা তুহিন মোল্যার (২৫) কাছ থেকে একটি বেদানা ফল ক্রয় করে। ফলটি নষ্ট হওয়ার অভিযোগে বিকেল ৫টার দিকে ওই শিশু পূত্রের বাবা হিরক সিকদার ফলের দোকানে এসে ফল বিক্রেতা তুহিনের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং তুহিনের দোকানে থাকা ছুরি নিয়ে তাকে (তুহিন) হত্যা করতে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মুসা মোল্যা ঠেকাতে গেলে তার গলায় ছুরি দিয়ে কোপ দেয়।
 
আশঙ্কাজনক অবস্থায় মুসাকে সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় হিরক সিকদারসহ দু’জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।