কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়নে বিএনপির সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুর ১২টায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হোটেল নুরজাহানে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুল আলম এ ঘোষণা দেন। কারণ হিসেবে বলা হয়, কেন্দ্র দখল, ব্যাপক জাল ভোট প্রদান, প্রার্থীদের প্রাণনাশের হুমকি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় নির্বাচন বর্জন করা হয়েছে।
এ সময় বিজয়পুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রব জিলানী, বিএনপি নেতা ইসমাইল মজুমদার, মো. আমিনুল ইসলাম, মোস্তফা কামাল ও উপজেলা যুবদলের সভাপতি মো. খলিলুর রহমান মজুমদারসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন বর্জনকারীরা হলেন-বিজয়পুর ইউপি বিএনপি প্রার্থী কামরুল হাসান এয়াকুব, ভুলইন (উত্তর) ইউপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ.বি.এম ওমর ফারুক সুমন, ভুলইন (দক্ষিণ) প্রার্থী হাফেজ মো. বেলাল হোসেন, বেলঘর (উত্তর) ইউপি প্রার্থী মো. নজরুল ইসলাম মজুমদার রিপন, ও বাগমারা (উত্তর) বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা কামাল। এ ছাড়াও ভুলইন (দক্ষিণ) ইউপি স্বতন্ত্র প্রার্থী মো. আমির হোসেনও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
