গাইবান্ধার সাঘাটা উপজেলার নয় নম্বর কামালেরপাড়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতলুবর রহমান রেজা নির্বাচন বর্জন করেছেন।
এ ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি এবং প্রশাসনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ তুলে শনিবার সকাল ১০টার দিকে বারকোনা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও প্রভাব বিস্তার করে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন পক্ষপাতের কারণে এসব প্রতিরোধে কোনো ভূমিকা নেয়নি। তাই আমি ভোট বর্জন করেছি।’
বারকোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে দুই/একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ভোট বর্জনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
