৬ষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচনে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে পাবনা সদর ও চাটমোহর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১৭৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। শুরুর দিকে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সকালে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় সিল মারা, নৌকায় ভোট দিতে বাধ্য করা, এক বুথে নৌকার দু’জন এজেন্ট সহ বিভিন্ন অনিয়ম দেখা যায়। এর বাইরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলম মঞ্জু মাস্টার।
দুই উপজেলার ১৬ ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৫৭৭ জন। চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮ জন প্রার্থী।
