চৌহালীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:৫৫
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আটজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০/১২ জনকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
শনিবার চৌহালী উপজেলার ঘোরজান ইউপিতে নির্বাচন চলাকালে দুপুরের দিকে বড় ঘোরজান কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রমজান আলী এবং বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল ইসলামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় উভয় পক্ষের আটজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে ভোট গ্রহণ শুরু হয়।
 
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।