একীভূত হচ্ছে ইয়াহু-টুইটার?

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:৪০
এক সময়ের জনপ্রিয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। বর্তমানে প্রযুক্তি খাতে ভালো অবস্থানে নেই এ প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়ানোর নানা চেষ্টা করেও সফলতার মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। তাই সর্বশেষ মূল ব্যবসা বেচে দিতে চেষ্টা চালান প্রতিষ্ঠানটির সিইও মরিসা মেয়ার।
 
মার্কিন প্রতিষ্ঠানটিকে কিনতে আগ্রহ প্রকাশ করে মাইক্রোসফট, ভেরাইজন কমিউনিকেশন ও ডেইলি মেইলসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এই তালিকায় এবার যোগ করা যেতে পারে টুইটারের নামও। তবে ইয়াহুকে ঠিক কিনতে নয়; বরং মার্কিন প্রতিষ্ঠানটির সাথে একীভূত হতে চাইছে জ্যাক ডরসির নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটি।
 
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন মতে, সম্প্রতি ইয়াহুর ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে আলোচনায় বসেন টুইটারের কর্মকর্তারা। প্রতিষ্ঠান দুটিকে একীভূত করা যায় কি না, এ নিয়েই আলোচনা করেন তারা।
 
এই আলোচনায় টুইটারের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন না, তবে উপস্থিত ছিলেন ইয়াহুর প্রধান নির্বাহী। আলোচনা হয় কয়েক ঘণ্টা। এতে উঠে আসে ইয়াহুর আর্থিক অবস্থার কথা। এর মধ্যে ইয়াহুর কাছ থেকে দরকারি কিছু তথ্যসেবা কেনার আগ্রহ দেখায় টুইটার।
 
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইয়াহুর জন্য সময়টা ভালো যাচ্ছে না। বিভিন্ন সময় উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকলেও শেষে কোনো ফল পাওয়া যায়নি। অনেকে ২০১২ সালে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়া মারিসা মেয়ারকে সময় দেয়ার দাবি জানান, তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আর বিনিয়োগকারীরা এ যুক্তি মানেননি। এরই পরিপ্রেক্ষিতে মুনাফাসন্ধানী প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
 
এদিকে, টুইটারের অবস্থা ইয়াহুর মতো সঙ্গিন না হলেও খুব একটা ভালোও না। ব্যবহারকারী টানার দিক থেকে স্ন্যাপচ্যাটের মতো স্বল্প মেয়াদের প্রতিষ্ঠানও ছাড়িয়ে গেছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটিকে। তবে নতুন নতুন সেবা যোগ করে গ্রাহক টানার চেষ্টায় ক্ষান্ত দেয়নি মার্কিন প্রতিষ্ঠানটি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।