নাগরিক সেবা পেতে দুর্ভোগে বাসিন্দারা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:০৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গঠিত দোহাজারী পৌর এলাকার বাসিন্দারা বিভিন্ন নাগরিক সেবা পেতে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী ও ধোপাছড়ি ইউনিয়ন এবং সাতবাড়িয়া ইউনিয়নের দুইটি ওয়ার্ড নিয়ে গঠিত এই দোহাজারী পৌরসভা। দক্ষিণ চট্টগ্রামের উপ-শহর নামে খ্যাত দোহাজারীকে বিগত ২০১৭ সালের ১৩ আগস্ট পৌরসভা ঘোষণা করা হয়। কিন্তু পৌরসভার যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী। পৌরসভা হিসেবে প্রায় দুইটি পার হলেও পৌর বাসিন্দারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা।

জানা যায়, পৌরসভা গঠনের পর থেকে অদ্যাবধি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দোহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন। দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ এ প্রতিবেদককে জানান, বিভিন্ন এলাকা থেকে পৌর কার্যালয়ে আসা লোকজনকে জন্ম নিবন্ধন কার্ড, জাতীয় সনদপত্রসহ নানাবিধ কাজকর্মে বিলম্বের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।

দোহাজারী আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর বলেন, দোহাজারী পৌরসভা গঠিত হওয়ার দুই বছর অতিবাহিত হলেও এখনো কোনো জনপ্রতিনিধিত্ব না থাকায় সাধারণ মানুষকে সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্বিগুণ অর্থ খরচ করেও সময় মতো জাতীয় বা চারিত্রিক, জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর প্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

জনপ্রতিনিধিত্ব না থাকায় বিভিন্ন সনদ প্রদান বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে দোহাজারী পৌর প্রকৌশলী মোঃ আবদুল হামিদ বলেন, একজনের সনদ বা জন্ম নিবন্ধন কার্ডে স্বাক্ষরের জন্য চন্দনাইশ উপজেলায় যাওয়া সম্ভব নয়। তাই কয়েকটি কাজ একসাথে নিয়ে যেতে হয় বলে সময়ের প্রয়োজন হয়। প্রকৌশলী আরো বলেন, এলাকাবাসী যাতে দ্রুত সেবা পান সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।