জার্মানির পশ্চিমাঞ্চলে ‘রক অ্যাম রিং’ নামের মিউজিক ফেস্টিভ্যালে বজ্রপাতে অন্তত ৫১ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্ট থেকে ১৫০ কিলোমিটার দূরে নুয়েরবার্গিং মোটর রেসিং ট্রাকের কাছে ছোট শহর মেনডিংয়ে এ ঘটনা ঘটেছে, জানিয়েছে জার্মান পুলিশ।
মেনডিংয়ের বিমানবন্দরে সংগীত উৎসবটির আয়োজন করা হয়েছিল। সংগীত উৎসবটি এবার ৩১ বছরে পদ্মপর্ণ করছে। ওই এলাকায় বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর উৎসব বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও আয়োজকদের কারো সাক্ষাৎ পাওয়া যায়নি।
শনিবার সকালে উৎসব আয়োজকরা তাদের ওয়েবসাইটে বজ্রপাতে ৪২ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তবে পুলিশের মুখপাত্র জানান, আরো অনেক দর্শক আহত হয়েছেন বলে শনিবার সকালে খবর পাওয়া গেলে মোট আহতের সংখ্যা বেড়ে যায়। এ বছর এই সংগীত উৎসবে প্রায় ৪৫ হাজার মানুষ জড়ো হয়েছেন বলে জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট।
