নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:৪৯
নোয়াখালীতে  নির্বাচনী সহিংসতায় আহত আরাফাত (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
নিহত আরাফাত নেওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মো. সেলিম। এছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নেওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ (২৩)। উল্লেখ্য, জেলা সদরের ১১ নং নেওয়াজপুর ইউনিয়নে মোহাম্মদীয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে  দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ভোট শুরুর পরপরই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হোসেনকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
এতে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। তারা হলেন আরমান, বিপুল, রাজু, সোহান, অনিক। এদিকে, ১০ নং অশ্বদীয়া ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোটসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে তিনি এই ঘোষণা দেন।