শার্শায় আওয়ামী লীগ প্রার্থী আহত, গাড়ি ভাঙচুর

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:৫৭
যশোরের শার্শায় সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ আহত হয়েছেন। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
 
শনিবার দুপুরে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রে যান ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ। এ সময় কয়েকজন তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে যায়। কাচ ভেঙ্গে তিনি সামান্য আহত হন।  পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু: একই ইউনিয়নের মহিশা কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় হৃদরোগে তাজরুল ইসলাম নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মহিশা গ্রামের বাসিন্দা ছিলেন।