এয়ারবাস কোম্পানির বিমান কিনতে বর্তমানে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইরান। ইউরোপীয় এই বিমান কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে ইরান।
গত মধ্য জানুয়ারিতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার সময় থেকে দেশটি তিনটি পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ২শ বিমান কেনার অর্ডার দেয়। কিন্তু এয়ারবাসের ১০ শতাংশেরও বেশি যন্ত্রাংশ আমেরিকার তৈরি বলে এসব কিনতে যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোল(ওএফএসি)এর অনুমোদন লাগবে।
গত প্রায় দুদশক ধরে পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে বিমান, সরঞ্জাম কিংবা খুচরা যন্ত্রাংশ বিক্রি করতে পারছে না। কিন্তু অবরোধ তুলে নেয়ার পর গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরকালে তেহরান ও এয়ারবাস কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গত ১৮ এপ্রিল ফ্রান্সের পরিবহন মন্ত্রী এলিয়ান ভিদালিস তেহরান সফরকালে জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া যাবে।
তবে সম্প্রতি এয়ারবাসের বিক্রয় প্রধান জন লেহাই এভিয়েশন ডেইলির ওয়েবসাইটে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সূত্র: এএফপি
