নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সরকার এক বছর পিছিয়ে দিয়ে সদিচ্ছার পরিচয় দিয়েছে। ব্যবসায়ীরা এ সদিচ্ছার সুযোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শনিবার রাজধানীর আইডিবি ভবনে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
এনবিআরের চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন অধিক ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও ব্যঞ্জনাময়- সারাদেশের ব্যবসায়ীদের ভ্যাট অনলাইন প্রকল্পের মাধ্যমে তা বোঝানো হচ্ছে। এ আইনের আওতায় হয়রানিমুক্ত, ভীতিমুক্ত পরিবেশে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা সেবা পাবেন, রাজস্ব আদায় ও প্রদানে কোনো জটিলতা থাকবে না বলেও জানান চেয়ারম্যান।
