ইত্তেফাক রিপোর্ট
২১ মার্চ বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা— নভো এয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ১৬তম বারের মতো এ মেলার আয়োজন করছে। বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’ টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করছে। পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এবারের পর্যটন মেলার পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে নেপাল।
নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯ উপলক্ষে গতকাল ভেন্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দি বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বৃহস্পতিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪১টি প্রতিষ্ঠান, ৫টি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করবে। ২১-২৩ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা ভিজিট করা যাবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেস-বাহ-উল-ইসলাম প্রমুখ।
