ভারতে রফতানিতে অশুল্ক বাধা দূর করার তাগিদ শিল্পমন্ত্রীর

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:১৬
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের গুণ ও মান সম্পর্কিত অশুল্প প্রতিবন্ধকতা দূর করতে হবে। পাশাপাশি সমন্বিত আন্তঃসীমানা ব্যবস্থাপনা জোরদার এবং প্যারাট্যারিফ ও ননট্যারিফ প্রতিবন্ধকতা কমানোর জন্য দুই দেশের পক্ষ থেকেই আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে। মন্ত্রী বলেন, ভারতীয় ব্যবসায়ী সমাজ এগিয়ে আসলে দুই দেশের মাঝে বিরাজমান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা ধীরে ধীরে কমে আসবে। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান বাণিজ্যিক অবকাঠামোগত দুর্বলতা অপসারণে জোর দেন।
 

শিল্পমন্ত্রী শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিত ইনভেস্ট ত্রিপুরা শীর্ষক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। দ্যা অ্যাসোসিটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (এসোচেম) এ সম্মেলন আয়োজন করে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার এতে প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে অন্যদের মধ্যে ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং, ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী তপন চক্রবর্তীসহ শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ি নেতারা অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।