জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে কুপিয়ে আহত করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। শনিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ইত্তেফাক’কে জানান, ভাদশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান একে আজাদ মোটর সাইকেলে দুর্গাদহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে পবিত্র নামে একজন ছিল। পথিমধ্যে গোপালপুর নামক স্থানে একদল মুখোশ পরা দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি থামিয়ে চেয়ারম্যান আজাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় সঙ্গে থাকা পবিত্রের চিৎকারে নয়ন নামে এক পথচারী চেয়ারম্যানকে বাঁচাতে এগিয়ে আসে। দুর্বৃত্তরা এ সময় নয়নকে গুলি করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জরুরী বিভাগের চিকিৎসক ডা: মাসুদ রানা জানান। একে আজাদ দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
