সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সরদার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান সরদারের ছেলে ও পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানান, ফয়সাল বাইসাইকেলযোগে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিল। পথিমথ্যে পাটকেলঘাটা থানার সামনে পৌঁছুলে তাকে একটি ইঞ্জিনভ্যান ধাক্কা দেয়। এতে ফয়সাল একটি চলমান ট্রাকের তলায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
