ইউপি নির্বাচনে যা হয়েছে তা আশা করি নাই: রওশন

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৪:১৮
রওশন এরশাদ বলেছেন, ইউপি নির্বাচনে যা হয়েছে তা জনগণ ও আমরা আশা করি নাই। এ মারামারি আশা করি নাই।
 
তিনি বলেন, এই নির্বাচন ও তা আয়োজনকারী নির্বাচন কমিশন উভয়ই এর মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে।
 
২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে রবিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশনের সংবাদ সম্মেলনে ইউপি ‍নির্বাচন নিয়ে তিনি এসব কথা বলেন।
 
এই নির্বাচন ‘সুষ্ঠু’ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রওশন বলেন, ১১২ জন মারা গেছেন, কেন মারা গেল? কী কারণে মারা গেল? নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, নির্বাচন প্রশ্নবিদ্ধ।
 
শনিবার সর্বশেষ ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচনের তফসিল ঘোষণার পর সহিংসতায় শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।