বাংলাদেশ সফররত ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে গতকাল মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তাঁরা দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ডের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার চার দিনের সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তিনি নৌ ও বিমান বাহিনী প্রধান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এমআইএসটির ১৭তম গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত
মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) গতকাল মঙ্গলবার ১৭তম গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।
তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের সাফল্যে অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে। বর্তমান সময়ে এর ব্যাপক বিস্তৃতি সর্বক্ষেত্রে আকৃষ্ট হয়েছে। তোমাদের সকলের কাছে আমার চাওয়া, দেশপ্রেম, সততা এবং আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নের জন্য তোমাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। তোমাদের পিতা-মাতা, শিক্ষক এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করবে। তিনি এমআইএসটিকে সেন্টার অফ এক্সসিলেন্স করার জন্য সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। এ বছর গ্রাজুয়েশন সম্পন্ন করেন ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৭ জন বেসামরিক, ২২৫ জন সামরিক এবং ২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নিউক্লিয়ার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএ-৮২৮১ মেজর কে এম যাহিন নাসিরকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ প্রদান করা হয়।
