পাবনায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১৫ জন আহত

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:২৫
পাবনায় ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিসহ ১৫ জন আহত হয়েছে। রবিবার দুপুর ও শনিবার রাতে পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ও আতাইকুলা ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
 
আহতদের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন পরাজিত হয়। হেলাল উদ্দিন ও তার সমর্থকেরা পরাজয়ের কারণ হিসাবে প্রতিপক্ষ আব্দুল রউফকে দায়ী করে মারধর করে। এ নিয়ে রবিবার দুপুরে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৬ জন আহত হয়। 
 
অপর দিকে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী বকুল সরদার ও আফজাল প্রামাণিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এছাড়া আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সারদিয়ার শাখারী পাড়ায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল মজিদের হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা (৫৫) গুরুতর আহত হয়েছেন।
 
 তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়। পৃথক এসব ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।