জাপানে মাতাল হয়ে গাড়ি চালানোয় মার্কিন কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:৪২
জাপানের ওকিনাওয়া নগরীতে মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে রবিবার মার্কিন নৌবাহিনীর এক নারী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। জাপানের পুলিশ একথা জানিয়েছে। 
 
একটি ধর্ষণ ও হত্যার অভিযোগে মার্কিন নৌঘাঁটির এক কর্মীকে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর ইতোমধ্যেই মার্কিন সৈন্যদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওকিনাওয়া পুলিশের এক মুখপাত্র বলেন, রোববার মাঝরাতের কিছু সময় পরে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছেন এই সন্দেহে নৌ কর্মকর্তা আইমি মিজিয়াকে (২১) গ্রেফতার করা হয়।
 
পুলিশের ওই মুখপাত্র আরো বলেন, তিনি রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে তার গাড়িটি অপর একটি গাড়িকে সজোরে আঘাত করে।  এই ঘটনায় স্থানীয় এক নারী বুকের হাড় ফেটে যায়। তিনি আরো বলেন, ওই নারী কর্মকর্তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন।
 
গত মাসে মার্কিন নৌবাহিনীর এক সাবেক সৈন্যকে গ্রেফতার করা হয়। চাকরিতে বহাল থাকা অবস্থায় ২০ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।  ওই ঘটনার প্রেক্ষিতে ওকিনাওয়ায় মার্কিন সৈন্যদের ব্যাপক উপস্থিতির বিরুদ্ধে পুনরায় গণঅসন্তোষ দেখা দেয়। ওই গ্রেফতারের ঘটনায় মাসব্যাপী মার্কিন সৈন্যদের ওপর রাত্রিকালীন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এএফপি।