প্রস্তাবিত বাজেটে উৎসে কর কর্তনের হার শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বৃদ্ধি করে দেড় শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা তৈরী পোশাক শিল্প উদ্যোক্তাদের আশাহত, উদ্বিগ্ন এবং একইসাথে এই শিল্পের ভবিষ্যতকে হুমকির সম্মুখীন করেছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।
প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি এ. কে. এম সেলিম ওসমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নতুন বাজার সম্প্রসারণের আহ্বান এবং রূপকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে সাড়া দিয়ে বিকেএমইএ নতুন বাজার সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু উৎসে কর কর্তনের হার বৃদ্ধি নতুন বাজারে রপ্তানির পরিমাণ এবং বাজার বিস্তৃতির যে ধারাবাহিক সম্ভাবনা তৈরি হয়েছে তাকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে গ্যাসের মূল্য ক্যাপটিভ পাওয়ার উৎপাদকদের জন্য শতভাগ এবং শিল্প কারখানাগুলোর জন্য ১৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে যা কারখানাগুলোর উত্পাদন খরচ বৃদ্ধি করেছে। উপরন্তু বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার আমেরিকা ও ইউরোপ অঞ্চলে তৈরী পোশাকের মূল্য ২ থেকে ৪ শতাংশ হ্রাস পেয়েছে। একইসাথে গত ৪ বছরে ডলারের বিপরীতে টাকা ৭ দশমিক ৬৬ শতাংশ হারে শক্তিশালী হয়েছে। সামগ্রিকভাবে এ বিষয়গুলোসহ আন্তর্জাতিক অন্যান্য কারণে নীট শিল্পখাত কিছুটা হলেও নাজুক অবস্থার সম্মুখীন হয়েছে।
অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাব করায় সরকারকে সাধুবাদ জানানো হয়। নিট শিল্প খাতের জন্য উৎসে কর বর্তমানে চলমান হার বহাল রাখার এবং কর্পোরেট কর ১০শতাংশের অধিক না করার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানানো হয়েছে।
