গায়ের রং নিয়ে বিবাদে গৃহবধূর চুল কাটলো শাশুড়ি

আপডেট : ০৫ জুন ২০১৬, ২১:৫০
গায়ের রং নিয়ে শাশুড়ি-ননদের সঙ্গে বিবাদে মাথার চুল হারিয়েছেন গৃহবধূ রত্না বেগম (২৪)। রবিবার দুপুর আড়াইটার দিকে যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
গৃহবধূ রত্না বেগম জানান, তার গায়ের রং পরিষ্কার। অন্যদিকে তার শাশুড়ি, ননদসহ অন্য সদস্যদের গায়ের রং কালো। এই নিয়ে প্রায়ই শাশুড়ি ননদের সাথে তার বিবাদ হতো। রবিবার দুপুরেও এ নিয়ে গোলযোগ শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি নাজমা বেগম ও ননদ শাপলা খাতুন কাচি দিয়ে রত্নার মাথার সামনের অংশের প্রায় অর্ধেক চুল কেটে দেন। পরে খবর পেয়ে ওই গৃহবধূর মা ও বোন ছুটে আসেন। এরপর রাতে থানায় গিয়ে অভিযোগ দেন।
 
নির্যাতিত গৃহবধূ রত্না বেগম ওই গ্রামের মহিউদ্দিন সাগরের স্ত্রী ও মণিরামপুরের শরণপুর গ্রামের মাহাবুবুর রহমান বাবলুর মেয়ে। রবিবার রাতে এ রিপোর্ট লেখার সময় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।যশোর কোতোয়ালি থানার এসআই খাদিজা বেগম নির্যাতিত গৃহবধূর বরাত দিয়ে বলেন, পরিবারের সদস্যদের গায়ের রং প্রসঙ্গে কথা নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।