ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

আপডেট : ০৫ জুন ২০১৬, ২২:৩৩
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান এম.এ. হোসেনের ওপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।
 
রবিবার দুপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে দেখা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছেন।
 
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম.এ. হোসেন নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার খায়েরের সঙ্গে দেখা করার জন্য রবিবার দুপুরে তার বাড়িতে যান। এ সময় ইউপি চেয়ারম্যান এম.এ. হোসেনের ওপর হামলা করা হয়।
 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।