গাংনীর আযান-খোকসা সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক দুুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি টাকার সড়কটির দরপত্রে উল্লেখিত শর্তানুযায়ী নির্মাণের লক্ষ্যে এলজিইডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, দরপত্রের শর্তানুযায়ী উন্নতমানের বালু দেয়ার কথা থাকলেও মাটি মিশ্রিত স্থানীয় বালু দিয়ে রাস্তা নির্মাণ শুরু হচ্ছে। মানসম্মত ইটের পরিবর্তনে নিম্নমানের ইট-খোয়া দেয়া হচ্ছে। অন্যদিকে দরপত্রের শর্ত লঙ্ঘন করে ৬/৭ ঝুড়ি বালুর বিপরীতে এক ঝুড়ি খোয়া দিয়েই সড়কের বেজ তৈরি করে চলেছেন ঠিকাদার। অপরদিকে প্রয়োজনীয় পানি ও রুলার দেয়া হচ্ছে না। আযান গ্রামের স্থানীয় কয়েকজন গত কয়েকদিন থেকে এতে বাধা দিলেও ঠিকাদার বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
আযান গ্রামের বাসিন্দা ও গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাসার জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও তিনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। দু-একদিনের মধ্যে বিষয়টির সুরাহা না হলে তিনি কাজ বন্ধ করে দেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করবেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার তারেক। তিনি বলেছেন, তিন নম্বর ইট নয়, কিছু কিছু দুই নম্বর ইট দেয়া হয়েছে। বাকিটা সব ঠিকঠাক হচ্ছে।
এদিকে অভিযোগের বিষয়ে সরেজমিন নির্মাণ কাজ পরির্দশন করা হবে বলে জানান এলজিইডি গাংনী প্রকৌশলী এএইচএম রবিউল আওয়াল রিজভি। তবে ঠিকাদার তাদেরকে দুর্নীতির বিষয়ে মৌখিক সতর্ক করে দরপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান তিনি।
