পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ৪৮ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, এ কাপুরোষিত আক্রমণ ও নিরপরাধ মানুষ হত্যার বিষয়ে নিন্দা জানাবার ভাষা নেই। ওই ঘটনার বিষয়ে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ অমানবিক বর্বরোচিত হামলায় যে ৭ জন নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন, আমি তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। একই সঙ্গে আমি নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।
