চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়কে পুলিশ কর্মকর্তার স্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে ভীতি ও উদ্বেগ কাজ করছে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পুলিশ সদস্যরাও। জাদরেল পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর নৃশংস হত্যাকা্লকে সন্ত্রাসী অথবা জঙ্গিগোষ্ঠীর প্রতিশোধের নতুন ডাইমেনশন বলে মন্তব্য করেছেন অনেকেই।
জিইসি মোড় এলাকায় কয়েকজন ইত্তেফাককে বলেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থলটি (জিইসির মোড়) নগরীর চারটি থানার সংযোগস্থল। এই এলাকাতে অনেক গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা, বিপনী বিতান রয়েছে। অথচ এমন ব্যস্ততম এলাকাতে মিতু খুন হওয়ার সময় টহল পুলিশ ছিল না। অন্যদিকে নিহত মিতুর স্বামী বাবুল আক্তারের ব্যক্তিগত রানার (কনস্টেবল) সাদ্দাম কেন গতকাল অনুপস্থিত ছিলেন এর সদুত্তর দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা। এছাড়া নগরীতে গত বছর বেশ ঘটা করে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন আগে নগরীতে বিলবোর্ড উচ্ছেদের সময় অনেক সিসি ক্যামেরা খুলে ফেলা হয় যা আজ পর্যন্ত লাগানো হয়নি।
সিএমপি’র একাধিক শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পরিণত হওয়ার দৃষ্টান্ত থাকলেও পরিবারের সদস্য টার্গেট হওয়ার ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, পুলিশ সাহসিকতার সাথে সন্ত্রাসীদের ধরে। তারা খারাপ লোকদের টার্গেট হতে পারে। কিন্তু পরিবারের সদস্যদের অপরাধ কী? আসলে পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্যই এটা করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান ইত্তেফাককে বলেন, পুলিশের ব্যক্তি নিরাপত্তার বিষয়টি বরাবরই হুমকিতে ছিল। কিন্তু পরিবারের ওপর এভাবে হামলা আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। এটি একটি নতুন ডাইমেনশন। বাবুল আক্তার ঢাকায় ছিল। সে চট্টগ্রামে থাকলে হয়তো এরকম হতো না।
রানারের অনুপস্থিতির বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য ইত্তেফাককে বলেন, একজন মানুষের ছুটি প্রয়োজন হতেই পারে। তবে রানার কোথায় ছিল তদন্তের স্বার্থে আমরা সেটাও খতিয়ে দেখবো। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন বলেন, রানার সাদ্দাম হোসেন বাবুল আক্তার স্যারের অনেক বিশ্বস্ত। সে এই পরিবারের কোনো অনিষ্ট করতে পারে বলে মনে হয় না।
