জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারণায় তিনি সবচাইতে পরিচিতি পেয়েছিলেন মুসলিমদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলে। বর্তমানে রিপাবলিকান দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট পদ প্রার্থী ট্রাম্প। সম্প্রতি নিজ বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি হওয়া আইনি ঝামেলায় আবারো জাতিগত বিদ্বেষ ছড়ালেন তিনি।
নিজের দেয়া এক টুইট বার্তায় প্রথমে তিনি জানান, মেক্সিকান বংশোদ্ভূত বিচারক গঞ্জালো কুরিয়াল তাকে সহ্য করতে পারে না এবং এ কারণেই তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছে।
পরবর্তীতে ট্রাম্প সাক্ষাৎকারে দাবি করেন, গঞ্জালোর জন্ম মেক্সিকোতে, সে কারণেই সে পক্ষপাত দুষ্ট। সম্প্রতি এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই নব্য রাজনীতিবিদ বলেন, মেক্সিকান হিসেবে একজন বিচারক পক্ষ পাত দুষ্ট হতেই পারেন। তবে বিচারক যাই করুন না কেন, আমি মেক্সিকো বর্ডারে সীমানা বেড়া তৈরি করব।
এ সময় এক সাংবাদিক জানতে চান, মেক্সিকানদের মতন কি মুসলিম বিচারকও পক্ষপাত দুষ্ট হতে পারে? এর উত্তরে ট্রাম্প বলেন, নিশ্চয়ই। একজন মুসলমান বিচারকও পক্ষপাত দুষ্ট হতে পারে। এনবিসি নিউজ।
