ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত দ্বিতীয় নগরী এডেনে সোমবার সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত এক বেসামরিক লোক নিহত হয়েছে।
নগরীর খোরমাকসার এলাকার ওই বিমানবন্দরের প্রধান প্রবেশ পথে প্রায় ২০ বন্দুকধারী ঢুকে পড়ে। তারা তাদের সঙ্গী এক জঙ্গির মুক্তি দাবি করে। গত মাসের শেষ দিকে তাকে আটক করা হয়। আটক জঙ্গি একজন পশ্চিমা নাগরিক। হামলাকারীদের সঙ্গে এ সময় বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৯০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ হয়।
এ সময় লক্ষ্যচ্যুত গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়। বন্দুকধারীদের নেতা নিরাপত্তা বাহিনীকে বলেছে যে সে এক আটক জঙ্গির ঘনিষ্ঠ আত্মীয়।
আটক জঙ্গিটি আলজেরীয় বংশোদ্ভূত পশ্চিমা নাগরিক। ২৮ মে এডেনে কর্তৃপক্ষ যে সাত সন্দেহভাজন ইসলামিক স্টেটের সদস্যকে গ্রেফতারের কথা ঘোষণা করেছিল এই পশ্চিমা জঙ্গি তাদের একজন। এডেন সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদি সরকারের সদর দফতর। এএফপি।
