মা হতে ব্যর্থ নারীরা অসম্পূর্ণ: এরদোগান

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৬:৫০
মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, যে মেয়েরা মা হতে অস্বীকৃতি জানান তারা 'ত্রুটিযুক্ত' ও 'অসম্পূর্ণ। এসময় তিনি সবাইকে নূন্যতম তিনটি করে সন্তান নেয়ার আহ্বান জানান।
 
কয়েক দিন আগেই মুসলমানদের জন্মনিরোধক ব্যবস্থা না নেয়ার আহ্বান জানিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, 'আমাদের পরবর্তী প্রজন্মকে প্রচুর সংখ্যায় বাড়তে হবে।' চার সন্তানের জনক এরদোগানের এই বক্তব্য দেশের জনংখ্যা নীতির বিরোধী বলে সমালোচনার মুখে পড়েছিল।
 
এরদোগান বলেন, আমি মেয়েদের পেশা জীবনের সাফল্যের পক্ষে। তবে তা মা হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করুক তা আমি চাই না। ইস্তাম্বুলে উইমেন এন্ড ডেমোক্রেসি অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে এসব কথা বলেন এরদোগান।
 
ধারাবাহিকভাবে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের মধ্যে সর্বশেষ এই মন্তব্য করলেন তিনি। সূত্র: বিবিসি