জর্ডানে গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলায় নিহত ৫

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:৩৫
জর্ডানের আম্মানে গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন গোয়েন্দা কর্মকর্তা। আম্মানের যে এলাকায় হামলা হয় সেখানে ফিলিস্তিনি শরণার্থী শিবির রয়েছে।
 
এই হামলাকে দেশটির কর্মকর্তারা 'সন্ত্রাসবাদী হামলা' হিসেবে আখ্যা দিয়েছে।
 
পবিত্র রমজান মাসের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৭টার দিকে আম্মানের উত্তরাঞ্চলে বাকা ক্যাম্পের কাছে এই হামলা হয়।
 
১৯৬৭ সালে আরব ইসরাইল যুদ্ধের পরের বছর এই ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পশ্চিম তীর ও গাঁজা থেকে আসা প্রায় এক লাখ শরণার্থীরা ক্যাম্পটিতে থাকেন।
 
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটের গুরুত্বপূর্ণ সদস্য জর্ডান। সিরিয়া ও ইরাকের ঠিক পাশেই দেশটির অবস্থান। সূত্র: বিবিসি