আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় মার্কিন রেডিও এনপিআর এর একজন সিনিয়র ফটো সাংবাদিক, আফগান দোভাষী ও সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার দুপুরে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি গাড়িতে করে যাওয়ার সময় তারা হামলার শিকার হন বলে এনপিআর ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র শাকিল আহমেদ তাসাল জানিয়েছেন, ৫০ বছর বয়সী নিহত ফটো সাংবাদিক ডেভিড গিলকে, ৩৮ বছর বয়সী আফগান দোভাষী ও সাংবাদিক জাবিহউল্লাহ তামান্না আফগান সেনাবাহিনীর একটি হামভি গাড়িতে ছিলেন। এসময় তালেবানের ছোঁড়া একটি ৮২ মিলিমিটারের রকেট তাদের বহনকারী হামভিটিকে আঘাত করে।
গাড়িতে থাকা অপর দুই মার্কিন সাংবাদিক এনপিআর এর টম বোমান এবং মোনিকা এভস্তাতিয়েভা অক্ষত অবস্থায় রক্ষা পান বলে এক বিবৃতিতে জানিয়েছে এনপিআর। একটি অ্যাসাইনমেন্টে তারা সবাই ঐ এলাকায় গিয়েছিলেন। নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর থেকেই গিলকে ইরাক ও আফগানিস্তানের লড়াই-সংঘর্ষ করছিলেন বলে জানিয়েছেন এনপিআর এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সূত্র: রয়টার্স
