শরণার্থী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে যুবকের ১০৮ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:১৫
শরণার্থী শিবিরে কমপক্ষে ৮ সিরীয় শিশুকে যৌন নিপীড়নের দায়ে তুরস্কের এক যুবককে ১০৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সিরিয়া সীমান্ত সংলগ্ন গাজিয়ানটেপ প্রদেশের নিজিপের তাবু খাটানো উদ্বাস্তু শিবিরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করত ২৯ বছর বয়সী এরদাল ই নামে শনাক্ত হওয়া এই ব্যক্তি। 
 
তুরস্কের ডোগান সংবাদ সংস্থা জানায়, ১.৫ থেকে ৫ লিরার (তুরস্কের মুদ্রা) বিনিময়ে শিবিরের শৌচাগারে সিরীয় ওই শিশুদের সঙ্গে যৌন সংসর্গে দোষী সাব্যস্ত হয়েছে। এরদালের আইনজীবী এই অভিযোগ থেকে রেহাই চাইলে আদালত সেটি প্রত্যাখ্যান করে। এর আগে পুলিশের কাছে যে স্বীকারোক্তি সে দিয়েছিল। উল্লেখ্য, সরকার পক্ষ তার ২৮৯ বছরের কারাদণ্ড চেয়েছিল।
 
প্রসঙ্গত, ওই শিবিরে বসবাস করে প্রায় ১০ হাজার ৮০০ উদ্বাস্তু। বিচার চলাকালে এরদাল দাবি করে, অন্যদের অপরাধ চাপা দিয়ে আরও বড় কেলেঙ্কারি আড়াল করতে তাকে বলির পাঁঠা করা হচ্ছে। তাকে উদ্ধৃত করে হুরিয়েত দৈনিক বলেছে, আমি ম্যানেজারসহ ক্যাম্পের কর্মচারীদের নাম জানি যারা যৌন নিগ্রহ চালিয়েছে। তবে নিজের পরিবারের ক্ষতির ভয়ে ওদের নাম বলছি না।
 
যৌন নিগ্রহের অভিযোগে শোরগোল ওঠার পর নিজিপ শিবিরে গিয়েছিলেন গাজিয়ানটেপের একদল ডাক্তার। তারা একটি রিপোর্টও দেন যাতে সেখানে যৌন নিগ্রহর বিপদ ও যৌনরোগ ছড়ানোর আশঙ্কার কথা ছিল। আরটি।