অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নদীর পানি উপচে তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ায় ঝড়ের তাণ্ডব বেশি হয়েছে।
প্রবল ঝড়ে সাগরে সৃষ্ট ঢেউয়ের আঘাতে সিডনির কোলারয় সৈকতের বিলাসবহুল বাড়িগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ঘরবাড়ি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
তাসমানিয়ার সাতটি নদীর পানি উপচে বড় ধরনের বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দুইজন বয়স্ক ব্যক্তি ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, সিডনির বন্ডি সৈকতে ঢেউয়ের ঝাপটায় অপর এক ব্যক্তি ভেসে গেছেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। ওইদিন সকালে ক্যানবেরার কাছে কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি একটি নদীর পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি
