ভোট গণনার দাবিতে ফুলছড়ি উপজেলা পরিষদ ভাঙচুর

আপডেট : ০৬ জুন ২০১৬, ২২:১৪
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পরাজিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নানের সমর্থকরা উপজেলা পরিষদের কয়েকটি অফিসের দরজা-জানালা ভাঙচুর করেছে। পরে তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের কার্যালয়েও হামলা চালায়।
 
ওই ইউনিয়নের বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পুণঃগণনার দাবিতে সোমবার দুপুরে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে তারা ওই ভাঙচুর চালায়।
 
জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে দুইটি কেন্দ্রে ভোট পুণঃগণনার দাবিতে আজহারুল হান্নানের সমর্থকরা উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে ঢুকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলার উপজেলা নির্বাচন অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস ভাঙচুর করে।
 
ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার জানান, এ ঘটনায় কোন হতাহত হয়নি। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা ও নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।