নাসিরনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৩:০০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গোলাগুলির ঘটনায় এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।  এ সময় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি)  চার পুলিশ সদস্য আহত হয়েছেন।  নিহত রুবেল মিয়া (২৮) উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
 
সোমবার দিনগত রাতে উপজেলাধীন সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের  তোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ওসি মো. আব্দুল কাদের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল, কনস্টেবল রাখাল ও আবু তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে একদল ডাকাত ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ডাকাত সদস্যরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে পারলেও ডাকাত সর্দার রুবেল আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, নিহত রুবেলের বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতির অভিযোগে আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।